গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম রিপোটার্স অ্যাসোসিয়েশন। এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সচিব এবং ‘আমার দেশ’ পত্রিকার চট্টগ্রাম আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মাইনুদ্দিন কাদের শওকত, সাংবাদিক কামরুজ্জামান রনি, এস এম পিন্টু, শিব্বির ওসমানসহ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করার ‘অপরাধে’ সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি কেবল একজন সংবাদকর্মীর ওপর বর্বর হামলা নয়, বরং নতুন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা বলেন, "এ ঘটনা আইনশৃঙ্খলার চূড়ান্ত বিপর্যয়ের বহিঃপ্রকাশ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নবগঠিত রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।"

বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার, সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে যেসব অপরাধী বারবার রক্তাক্ত হামলার পথ বেছে নিচ্ছে, তাদের কঠোরভাবে দমন না করা হলে দেশে মতপ্রকাশের স্বাধীনতা চরম সংকটে পড়বে।
সমাবেশ শেষে সাংবাদিকরা ‘তুহিন হত্যার বিচার চাই’, স্লোগানের মাধ্যমে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ