নেত্রকোনার রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে কেন্দুয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, আসন্ন জেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে তিনি প্রার্থী হচ্ছেন।
আগামী ৩০ আগস্ট নেত্রকোনার ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জেলা বিএনপির সম্মেলন। এ সম্মেলনে জেলার ১৫টি ইউনিটের মোট ১,৫১৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ড. রফিকুল ইসলাম হিলালীর রাজনৈতিক পথচলা শুরু ছাত্রজীবনে—জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে। দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে তিনি দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনীতিকে তিনি কখনোই ক্ষমতার হাতিয়ার হিসেবে নয়, বরং জনগণের অধিকার আদায়ের মাধ্যম হিসেবে দেখেন। জেল-জুলুম, দমন-পীড়নের নানা অধ্যায় পেরিয়ে আজও তিনি মাঠে সক্রিয়।
মতবিনিময় সভায় ড. হিলালী বলেন, “রাজনীতিতে আসার পর থেকেই নানা প্রতিকূলতার মধ্যে থেকেও মানুষের অধিকার আদায়ে আপসহীন থেকেছি। কারাবাস, দমন-পীড়ন সব কিছু মোকাবিলা করেছি। আমি চাই নেত্রকোনায় একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক। যদি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাই, তবে জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “জনগণের পাশে থাকাই হবে আমার মূল লক্ষ্য। সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর—তাদের সামনে আজ আনুষ্ঠানিকভাবে আমি আমার প্রচার কার্যক্রম শুরু করলাম।”
রাজনৈতিক অঙ্গনে যেমন তাঁর সুনাম রয়েছে, তেমনি সংগঠক হিসেবেও ড. হিলালীর দক্ষতা প্রশংসিত। জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দলের অভ্যন্তরীণ ঐক্য ধরে রেখেছেন এবং নতুন প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রেখেছেন।
ড. হিলালী পেশাগত জীবনেও একজন উচ্চশিক্ষিত ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব। চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী এ নেতা দীর্ঘদিন ধরে চিকিৎসা সহায়তা ও শিক্ষাক্ষেত্রে অবদান রেখে আসছেন। সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক রাজনীতিক ও সমাজসেবক হিসেবেই পরিচিত।সভায় উপস্থিত সাংবাদিকরা ড. হিলালীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং দায়বদ্ধতার প্রশংসা করেন। তারা মনে করেন, তিনি যদি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তবে নেত্রকোনার রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, সাংবাদিক রাখাল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. সালাউদ্দিন সালাম, সহ-সভাপতি লুৎফুর রহমান হৃদয়, সাধারণ সম্পাদক কায়সার তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, শাকিব আহমেদ, সালমান আহম্মেদসহ স্থানীয় নবীন-প্রবীণ সাংবাদিকবৃন্দ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ