জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জনাব আমির হামজার বিশ্ববিদ্যালয় সম্পর্কে দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যমূলক বলে আখ্যা দিয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়।
আমির হামজা দাবি করেছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং আবাসিক হলে সকালে ‘মদ’ দিয়ে কুলি করার ঘটনা দেখেছেন। এছাড়া তিনি আরও অভিযোগ করেন যে, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়।
প্রশাসন বিজ্ঞপ্তিতে জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয় ২০১১ সালে এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম শিক্ষার্থী ভর্তি করা হয়। তাই হামজার ওই বিভাগে ভর্তির দাবি সত্য নয়। একইভাবে আবাসিক হলে ‘মদ’ দিয়ে কুলি করা বা শিক্ষকদের ওপর শিক্ষার্থীদের হামলার অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রশাসনের কাছে এমন কোনো নজির নেই।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করে, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সবসময় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। একটি জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত করার চেষ্টা শুধু অগ্রহণযোগ্য নয়, বরং দুঃখজনক। এ ধরনের অসত্য বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে জনাব আমির হামজাকে সতর্ক করে প্রশাসন ভবিষ্যতে বস্তুনিষ্ঠ থাকার আহ্বান জানিয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ