দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপ থেকে ইসলামী ঐক্যজোটের একটি অংশের প্রতিনিধি দলকে বের হয়ে যেতে হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে দ্বিতীয় দিনের প্রথম পর্বের সংলাপ শুরুর আগে এ ঘটনা ঘটে।
সংলাপ শুরুর আগে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত হলে, সেখানে আগে থেকেই অবস্থান করা মুফতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অন্য অংশের প্রতিনিধিদের নিয়ে আপত্তি তোলেন সাখাওয়াত হোসেন। তিনি অভিযোগ করেন, আগত ওই অংশ পূর্ববর্তী একতরফা নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতাসীন দলকে সমর্থন করেছিল; তাই তারা উপস্থিত থাকলে নিজেদের দল সংলাপে অংশ নেবে না।
দুই পক্ষের বিরোধ দেখা দেওয়ায় নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ প্রতিনিধিদের কাছে আমন্ত্রণপত্র প্রদর্শনের অনুরোধ জানান। সাখাওয়াত হোসেন রাজির দল আমন্ত্রণপত্র দেখালেও আমিনীর নেতৃত্বাধীন অংশ হার্ডকপি দেখাতে ব্যর্থ হন। পরে ইসির নির্দেশে তাদের সংলাপকক্ষ ত্যাগ করতে হয়।
কক্ষ ত্যাগের সময় ইসলামী ঐক্যজোটের ওই অংশের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন অভিযোগ করেন, ইসি একতরফা সিদ্ধান্ত নিয়েছে এবং দলটির নিবন্ধন থাকা সত্ত্বেও তাদের সংলাপ থেকে বাদ দেওয়া হয়েছে।
দিনের প্রথম পর্বের সংলাপে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধি দল অংশ নেয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ