প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের জন্য তৈরি মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ আগামী ১৮ নভেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সেমিনার কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ হিসেবে ১৮ নভেম্বর সন্ধ্যায় অ্যাপটি উদ্বোধন করা হবে। এ জন্য রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধনে উৎসাহিত করতে প্রচার চালানোর পরামর্শ দেন তিনি।
এদিকে প্রবাসী ভোটার নিবন্ধন–সংক্রান্ত বিষয়ে রোববার বিকেল ৩টায় নির্বাচন কমিশন একটি অনলাইন সভার আয়োজন করেছে। ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা/থানা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেবেন।
তথ্য অধিদফতরের আলাদা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টার মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এর আগে ৯ নভেম্বর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রবাসী ভোটারদের নিবন্ধন সহজ করতে অ্যাপটি তৈরি করা হয়েছে এবং নির্ধারিত দিনেই এটি উদ্বোধন করা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ