জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে।
রায় ঘোষণার পর নিহত আবু সাঈদের পরিবার সন্তোষ প্রকাশ করে। আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, রায় দ্রুত কার্যকর হলে পরিবার স্বস্তি পাবে। একই দাবি জানান সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে শিগগির রায় কার্যকর করতে হবে। নিহতের মা মনোয়ারা বেগম মনে করেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।
ট্রাইব্যুনালের অন্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক অবস্থায় রয়েছেন। একমাত্র গ্রেফতার হওয়া আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালতে দোষ স্বীকার করে রাজসাক্ষী হন। তার জবানবন্দির ভিত্তিতে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
জবানবন্দিতে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তাকে জানানো হয়েছিল।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে নিরস্ত্র ছাত্র-জনতার বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটে, যাতে দেড় হাজার মানুষ নিহত ও প্রায় ৩০ হাজার মানুষ আহত হন।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল—
১. উসকানিমূলক বক্তব্য প্রদান
২. প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ
৩. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যা
৪. রাজধানীর চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা
৫. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ