ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
জানা যায়, আগুন ছড়িয়ে পড়ার আগে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তিন আরএনবি সদস্য—হাবিলদার মাসুদ রানা, সিপাহি আসাদুজ্জামান ও নায়েক ঈসমাইল। কোনো সরঞ্জাম না থাকায় তারা নিজেদের জ্যাকেট পানিতে ভিজিয়ে তা দিয়েই আগুন নেভান। তাদের ধাওয়া খেয়ে দুর্বৃত্তরা অন্ধকারে পালিয়ে যায়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, বগির কয়েকটি সিটে আগুন জ্বলতে দেখেই সদস্যরা ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দেখা যায়, বগির কিছু অংশ পুড়ে গেলেও বড় ক্ষতি হয়নি। পাশাপাশি অন্যান্য সিটে গানপাউডারজাতীয় মিশ্রণ ও পেট্রলজাতীয় তরল ছড়ানো ছিল—যা আরও ভয়াবহ বিস্তার ঘটাতে পারত।
স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, আরএনবির দ্রুত পদক্ষেপে বড় ধরনের নাশকতা ব্যর্থ হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে কাছের কোচ, ইঞ্জিন ও প্ল্যাটফর্মের অংশও ক্ষতিগ্রস্ত হতে পারত।
তিনি আরও জানান, ওয়াশপিটে ধোয়া-মোছার জন্য রাখা জারিয়া লোকাল ট্রেনের কোচে দুর্বৃত্তরা রাতে পেট্রল ও বিস্ফোরক জাতীয় উপকরণ ব্যবহার করে আগুন দেওয়ার চেষ্টা করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ