মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশালমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টায় মতলব দক্ষিণের মতলব সেতু এলাকায় এ কর্মসূচি পালন করেন দুই উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের একটি অংশ। একই দাবিতে মতলব উত্তরের রসুলপুর এলাকাতেও পৃথক কর্মসূচি পালন করেছেন আরেক নেতার অনুসারীরা।
চাঁদপুর-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন। তবে মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সরকার মাহবুব আহাম্মেদের (শামীম) সমর্থকেরা।
দলীয় সূত্র জানায়, মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সন্ধ্যায় মতলব সেতুর টোল প্লাজা থেকে মশালমিছিল বের হয়। তানভীর হুদার অনুসারী নেতা-কর্মীরা এ মিছিলে অংশ নেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেতুর দক্ষিণ প্রান্তে শেষ হয়। পরে টোল প্লাজা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব পৌর বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহ মো. গিয়াস, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন (আমু) ও ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী প্রমুখ।
বক্তারা বলেন, এ আসনে মনোনয়ন দিতে ভুল হয়েছে এবং এতে তৃণমূলের প্রত্যাশা প্রতিফলিত হয়নি। দুর্দিনে তানভীর হুদা দলের পাশে থেকেছেন, নেতা-কর্মীদের সহায়তা করেছেন এবং ষড়যন্ত্রমূলক মামলায় কারাবরণ করেছেন—এসব বিবেচনায় তাঁকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুমকিও দেন।
এ বিষয়ে তানভীর হুদা বলেন, আন্দোলনের মাঠে তিনি তৃণমূলের সঙ্গে ছিলেন এবং কারাবরণ করেছেন। তাঁর বাবা প্রয়াত প্রতিমন্ত্রী নুরুল হুদারও এ এলাকায় দলের সংগঠন গড়ে তোলায় ভূমিকা রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে মনোনয়ন পরিবর্তনের জন্য তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
অন্যদিকে, ড্যাব নেতা সরকার মাহবুব আহাম্মেদের অনুসারীরাও বিকেলে রসুলপুর এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন।
বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তাঁর অনুসারী মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম (সাগর) বলেন, দলের কঠিন সময়ে পাশে থাকা হওয়ায় কেন্দ্রীয় নেতৃত্ব সঠিক সিদ্ধান্তই নিয়েছে এবং জালাল উদ্দিনকে মনোনয়ন দেওয়া যৌক্তিক।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ