মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আন্দামান সাগরে এই কম্পন ঘটে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। কম্পনটি মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে ১০ জনের মৃত্যুর পাশাপাশি কয়েকশো মানুষ আহত হন।
পরদিন শনিবার আরও তিন দফা মৃদু ভূকম্পন অনুভূত হয়। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে বাইপাইলে ৩ দশমিক ৩ মাত্রার কম্পনটি ছিল আগের দিনের ভূমিকম্পের আফটারশক বলে জানিয়েছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির।
এছাড়া সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে ৩ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প এবং তার এক সেকেন্ড পর ৪ দশমিক ৩ মাত্রার আরও একটি কম্পন রেকর্ড করা হয়। এর মধ্যে একটির কেন্দ্র ছিল বাড্ডায় এবং অন্যটির নরসিংদীতে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ