আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় ১৩ সেনা কর্মকর্তাসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একটি মামলার শুনানি হবে ৩ ডিসেম্বর এবং অন্যটির শুনানি ৭ ডিসেম্বর।
রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত দুই সদস্যের ট্রাইব্যুনাল এ তারিখ ঘোষণা করেন।
টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুমের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ৩ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। আসামিদের মধ্যে ১০ জন গ্রেপ্তার আছেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (ওপিএস), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম। তাঁদের মধ্যে প্রথম সাতজন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং শেষের তিনজন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাত আসামি পলাতক রয়েছেন।
অন্যদিকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের অভিযোগে দায়ের করা দ্বিতীয় মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এ মামলার অভিযোগ গঠনের শুনানি হবে ৭ ডিসেম্বর। তিন আসামি গ্রেপ্তার আছেন—ডিজিএফআই–এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
এই মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১০ জন আসামি পলাতক বলে জানা গেছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ