লিভারপুলে সংকট ক্রমেই গভীর হচ্ছে। টানা ব্যর্থতায় তীব্র সমালোচনার মুখে বর্তমান কোচ আর্নে স্লট। শনিবার অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলের লজ্জাজনক হার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর গত মৌসুমে দায়িত্ব নিয়ে প্রথম বছরেই লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতান ৪৭ বছর বয়সী এই ডাচ কোচ। তবে নতুন মৌসুমে দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে—সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে লিভারপুল।
গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ড খরচ করে শক্তিশালী স্কোয়াড গড়ার পরও কাঙ্ক্ষিত পারফরম্যান্স না আসায় ক্লাব ব্যবস্থাপনা ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে। ফরেস্টের বিপক্ষে হারের পর শিরোপার দৌড়ে লিভারপুল এখন পিছিয়ে আট পয়েন্টে।
এ অবস্থায় স্লটের ভবিষ্যৎ নিয়ে সমালোচনা বাড়লেও অনেকে মনে করেন, শিরোপাজয়ী কোচকে এত দ্রুত ছাঁটাই করার পথে হাঁটবে না লিভারপুল কর্তৃপক্ষ। আর্সেনালের সাবেক ডিফেন্ডার মার্টিন কিয়োনও মনে করেন, “গত মৌসুমে লিগ জেতানো কোচকে এখনই সরিয়ে দেওয়ার কথা ভাববে না লিভারপুল। তবে পতনটা ভয়াবহ।”
স্লটের ওপর চাপ বাড়ানোর বড় কারণ সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপকে ঘিরে নতুন গুঞ্জন। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ফের ক্লপের নামই সবচেয়ে বেশি আলোচনায়। যদিও ক্লাব এখনো পরিবর্তনের কোনো ইঙ্গিত দেয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্লপ বলেছেন, “ইংল্যান্ডে ফিরলে লিভারপুল ছাড়া অন্য কোনো দল নয়।” রেড বুল ফুটবল গ্রুপে কাজ করলেও তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা থামছে না।
এক মৌসুম আগেই শিরোপা জেতা দল এখন ছন্দহীন ও আত্মবিশ্বাসহীন। স্কোয়াডে তারকা খেলোয়াড় থাকলেও ফল আসছে না, উঠে আসছে নেতৃত্বের প্রশ্ন। এখন দেখার বিষয়—চাপের এই সময় সামলে দলকে ফের ঘুরে দাঁড় করাতে পারেন কি না আর্নে স্লট।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ