আসন্ন সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত এ নির্বাচনকে ঘিরে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং আসন্ন সাধারণ নির্বাচনে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।’ তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে কমনওয়েলথের আগ্রহের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান এবং নির্বাচনকে অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জবাবে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে আশ্বস্ত করেন যে, নির্বাচনের আগে, চলাকালীন ও পরবর্তী রূপান্তর—সব ক্ষেত্রেই বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে কমনওয়েলথ। তিনি বলেন, ‘কমনওয়েলথের ৫৬টি দেশ, যার মধ্যে জি-৭ ও জি-২০–এর সদস্যও রয়েছে, একে অপরকে শক্তিশালী করতে তাদের বিপুল সম্পদ ব্যবহার করে আসছে।’
মহাসচিব জানান, তিনি ইতোমধ্যে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ দেশের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি অত্যন্ত আশাবাদী।’
তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠাতে কমনওয়েলথ প্রস্তুতি নিয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা ও কমনওয়েলথ মহাসচিব তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক ব্যবসা বিকাশ এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য হ্রাসে তিন-শূন্য ভিশন বাস্তবায়ন নিয়েও আলোচনা করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ