আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি।
সোমবার (২৪ নভেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন’-এ শাহজাহান চৌধুরী বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার এলাকায় প্রশাসনের যারা আছেন, তাদের সবাইকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেফতার করবে, মামলা করবে।’
জামায়াত বলেছে, তার এ মন্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতাকে স্পষ্টভাবে বাধাগ্রস্ত করে। সংগঠন মনে করে, প্রশাসন নিজস্ব পেশাদার নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালন করবে—এখানে দলের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।
নোটিশে আরও বলা হয়, বক্তব্যটি প্রকাশের পর প্রশাসনের বিভিন্ন স্তরে তীব্র নিন্দা ও উদ্বেগ তৈরি হয়েছে। কূটনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে। এ ছাড়া দেশ-বিদেশে দলের সদস্য ও সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এই বক্তব্য সংগঠনের ভাবমর্যাদাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং তা দলীয় গঠনতন্ত্র, নীতি, আদর্শ ও রাজনৈতিক শৃঙ্খলার পরিপন্থী।
নোটিশে আরও উল্লেখ করা হয়, এর আগেও বিভিন্ন সময়ে শাহজাহান চৌধুরী সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্নকারী বক্তব্য দিয়েছেন। এজন্য তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে এবং আমিরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবুও তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি।
জামায়াত আমিরের নির্দেশে নোটিশে জানতে চাওয়া হয়েছে—কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ