খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, অনেকেই তাঁদের লভ্যাংশ দেওয়ার প্রস্তাব দিলেও দলটি তা প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, “আমরা স্পষ্ট করে বলেছি—লভ্যাংশ নয়, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে রাষ্ট্রের মালিকানা চাই। ২৫ শতাংশ লভ্যাংশ নয়, আমরা ১০ শতাংশ মালিকানা দাবি করি।”
মঙ্গলবার রাত ১০টার দিকে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে খেলাফত মজলিসের ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা শাখার নির্বাচনী গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ভিক্ষা নয়, বরং অংশীদারত্ব ও মালিকানার ভিত্তিতে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “অনেকে ভেবেছিলেন আমরা বড় রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করব এবং সংসদ সদস্যপদ বা রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নিশ্চিত করব। কিন্তু ইসলামপন্থীরা কারও ভরসায় রাজনীতি করতে চায় না।”
তিনি আরও বলেন, “আমরা স্বাধীন বাংলাদেশের মাটিতে নিজস্ব শক্তিতে দাঁড়িয়ে মালিকানার ভিত্তিতে রাজনীতি করতে চাই। সম–অধিকারের আলোচনার প্রস্তাব এলে আমরা স্বাগত জানাই। তবে ভিক্ষার থলি নিয়ে এগিয়ে এলে তা প্রত্যাখ্যান করি।”
শেখ হাসিনার পতনের উদাহরণ টেনে তিনি হুঁশিয়ার করে বলেন, “বাংলাদেশে কেউ যদি ফ্যাসিবাদী আচরণ দেখাতে চায়, তার পরিণাম আরও ভয়াবহ হবে। ক্ষমতায় আসার স্বপ্ন দেখা যায়, কিন্তু ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করবেন না।”
বিগত সময়ের নিপীড়িত রাজনৈতিক পক্ষগুলোকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জুলাই বিপ্লবের অংশীজনরা একসঙ্গে দেশ পরিচালনায় এগিয়ে আসুন। কেউ যদি একদলীয় শাসন বা বাকশালী রীতির মতো ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে আবারও জুলাই বা শাপলা চত্বরের মতো পরিস্থিতি সৃষ্টি হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মুফতি আবদুস সালাম। বক্তব্য দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের প্রার্থী মুফতি কাজী মোশতাক আহমাদ ফারুকী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, যুগ্ম মহাসচিব আবদুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল্লাহ হাদী ও বায়তুলমাল সম্পাদক ফজলুর রহমান। এর আগে নান্দাইল ও গৌরীপুরের গণসমাবেশেও বক্তৃতা করেন মামুনুল হক।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ