টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলে সখীপুর উপজেলা বিএনপির ছয় নেতা পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন: উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, সহ-সভাপতি আব্দুল মান্নান, বহিষ্কৃত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান সাজু, সদস্য আশরাফুল ইসলাম বাদল, গজারিয়া ইউনিয়ন সভাপতি আব্দুর রউফ এবং বহুরিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিয়া। তারা ২১ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে বিভিন্ন সময় পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন এবং দলের শৃঙ্খলার পরিপন্থী আচরণের কারণে আমরা স্বেচ্ছায় পদত্যাগ করেছি।” তাদের পদত্যাগপত্রের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে পাঠানো হয়েছে।
আহমেদ আযম খান মনোনয়ন পাওয়ার পর থেকে বাসাইল ও সখীপুরে নির্বাচনী গণসংযোগ, জনসভা এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তবে দীর্ঘদিন ধরে উপজেলার শীর্ষ নেতাদের মধ্যে কোন্দল চলছিল। এর আগে ১৬ সেপ্টেম্বর সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহাজাহান সাজুকে জেলা বিএনপি তার পদ থেকে অব্যাহতি দেয়।
অপরদিকে, সম্প্রতি আহমেদ আযম খানের বিরুদ্ধে হুমকি ও অশালীন ভাষার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পদত্যাগকারী আব্দুল বাছেদ মাস্টার বলেন, “আহমেদ আযম খান জিয়াউর রহমানের আদর্শের বাইরে কাজ করছেন। এ পর্যন্ত ২০-৩০ জন পদত্যাগ করেছেন এবং আরও নেতাকর্মী পদত্যাগ করতে পারেন। আমরা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাব।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, “ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। ধানের শীষের প্রার্থীর জনপ্রিয়তার ঈর্ষান্বিত একটি মহল ষড়যন্ত্র করছে। সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীর পক্ষে কাজ করবে।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ