সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ—এই তিন ভাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বণ্টন করা হবে। প্রথম দিন থেকেই আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সুষ্ঠু ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা চাওয়া হয়েছে এবং কোনো অনিয়মের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
অপতথ্য প্রতিরোধ ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি সেল গঠন করা হবে বলে জানিয়ে ইসি সচিব বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। উদ্ধার না হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের ওপর বিশেষ নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।
তিনি জানান, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে বা কীভাবে মোতায়েন হবে—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তিন ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনী নিরাপত্তা বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ