জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শাস্তি আরও বাড়াতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত। তিনটি অভিযোগের মধ্যে দুটি ক্ষেত্রে তাকে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
সেদিন দুপুর ২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার পুরো প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ বারবার দাবি করে আসছিল যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলোর মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা—যিনি পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি বাকি দুই আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সাবেক আইজিপি মামুন মামলার একমাত্র গ্রেফতার আসামি এবং তিনি অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হিসেবে আদালতে জবানবন্দি দেন। সত্য উন্মোচনে সহযোগিতা করায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ