চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপশনের একটি মন্তব্যকে ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমেও তা উঠে আসে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় যুবদল তাকে তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নোটিশ দিয়েছে।
গত ২৪ নভেম্বর মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের এক নির্বাচনী প্রস্তুতি সভায় জিপশন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করতে যারা বুকে অস্ত্র নিয়ে এগিয়ে যাবে, তাদের সাহসী হিসেবে রাখতে হবে।’ এই মন্তব্যটি দলের ভেতরে ও বাইরে সমালোচনার ঝড় তুলেছে।
এর প্রেক্ষিতে ২৬ নভেম্বর যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশে তাকে তিন দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত হয়ে সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সামনে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, জিপশনের বক্তব্য দলের ভাবমূর্তিকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হচ্ছে।
ইফতেখার মাহমুদ জিপশন সাংবাদিকদের বলেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি শীঘ্রই কেন্দ্রীয় দপ্তরে হাজির হয়ে আমার বক্তব্যের সঠিক ব্যাখ্যা দেব। বুকে অস্ত্র নেওয়া বলতে আমি সাহসী নেতাদের বুঝিয়েছি। আমার বক্তব্যকে ভুলভাবে প্রচার করা হয়েছে। আমি দলকে দায়বদ্ধ থাকার কারণে বিষয়টি পরিষ্কার করতে উপস্থিত হব।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ