বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ও দুর্নীতি দেশের ব্যবসায়িক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, এই পরিস্থিতির কারণে দেশের উদ্যোক্তারা বিপদের মুখে পড়ছেন এবং বিদেশি বিনিয়োগকারীরাও এতে নিরুৎসাহিত হচ্ছেন।
ডা. শফিকুর রহমান বলেন, “অর্থনীতি ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হতে হবে এবং দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।” তিনি আরও জানান, লালফিতার দৌরাত্ম্য এবং দুর্বৃত্তপনার কারণে ব্যবসায়ীরা বাধ্য হয়ে রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন, যার দায় রাষ্ট্র ও রাজনীতিবিদদের।
তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ এবং স্থিতিশীল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সার্টিফিকেট নয়, কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেক ঘরকে ইন্ডাস্ট্রির হাবে রূপান্তরিত করতে হবে।
জামায়াত আমির আরও বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিয়োগেও দুর্নীতি দেখা দিচ্ছে। তিনি বলেন, “সবাই দুর্নীতি ঘৃণা করেন, কিন্তু নিজের ক্ষেত্রে লোভ সামলাতে পারেন না। যৌক্তিক পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের লক্ষ্য হলো পেশাদার মানুষ তৈরি করা, দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের ভিত্তিতে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ