রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। এ উদ্দেশ্যে সর্বাধুনিক প্রযুক্তিসজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও এগিয়ে চলছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসা এখন দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
পোস্টে আরও বলা হয়, চিকিৎসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেশ-বিদেশে চিকিৎসা সমন্বয়ের দায়িত্ব পালন করছেন ডা. জুবাইদা রহমান। খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে, সেজন্য প্রতিটি ধাপ ঘনিষ্ঠভাবে তদারকি করছেন তারেক রহমান।
মাহদী আমিন আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হলে তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি চলছে। এ বছরের শুরুর দিকে যে হাসপাতাল ও চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চার মাস চিকিৎসা নিয়েছিলেন, তাদের সঙ্গেও ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।
গত রোববার (২৩ নভেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যক্তিত্ব তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যাচ্ছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ