কুষ্টিয়ার ছয়জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৭ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (২ ডিসেম্বর) ট্রাইব্যুনাল এ আদেশ প্রদান করেন।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) এ মামলায় তার বিরুদ্ধে দুইজন সাক্ষ্য দেন। ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ছয়জনকে হত্যার অভিযোগও রয়েছে।
এদিকে আশুলিয়ায় সাতজনকে হত্যা ও ছয়টি মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খান ২৪তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন। মামলাটিতে মোট আসামি ১৬ জন—এর মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন পলাতক, বাকি আটজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
অন্যদিকে ট্রাইব্যুনাল-১–এ জুলাইয়ের অভ্যুত্থানকালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যাসহ দুইজনকে হত্যার ঘটনায় সাক্ষ্যগ্রহণ চলছে। মামলার একমাত্র গ্রেফতার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়; অপর চারজন আসামি পলাতক।
গত ১৮ সেপ্টেম্বর হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ