ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তালিকা তৈরি হতে আরও কয়েক দিন সময় লাগবে। আর এনসিপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের সম্ভাব্য নির্বাচনী জোটও বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে।
এনসিপি গত ৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যেই অনেকে ফরম নিয়েছেন। সব মিলিয়ে ৩০০ আসনের জন্য দেড় হাজারের বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। অনলাইন ও অফলাইন মিলিয়ে অধিকাংশ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকারও নেওয়া হয়েছে।
এখন প্রার্থীদের মাঠের অবস্থান যাচাই–বাছাই চলছে। এটি শেষ হলে দলের রাজনৈতিক পর্ষদ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুল্লাহ আল আমিন জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে ৩০০ আসনের তালিকা একযোগে নয়, কয়েক ধাপে প্রকাশ করা হতে পারে।
জোটের ভবিষ্যৎ অনিশ্চিত
বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের সমন্বয়ে একটি নির্বাচনী জোট গঠনের আলোচনা শুরু হয়েছিল। গত ২৭ নভেম্বর রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এই জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল। তবে এর আগের দিন গভীর রাত পর্যন্ত চার দলের নেতারা ঢাকার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে বৈঠকে বসেন।
ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের একাংশের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশকে (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) জোটে রাখার বিষয়ে এনসিপির নেতারা আপত্তি জানান। এছাড়া গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের মধ্যে জোটে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে মতভেদ ছিল। ফলে ওই বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, বৈঠকের পর দলগুলোর মধ্যে আর কোনো আলোচনা হয়নি। এনসিপি এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও রাখছে।
একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “জোট গঠন অনিশ্চিত হয়ে পড়েছে এবং এটি হয়তো প্রকাশ পাবে না।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ