বছরের শেষ সুপারমুন এবার আকাশে ঝলমল করতে চলেছে। ডিসেম্বরের পূর্ণ চাঁদ, যাকে ‘কোল্ড মুন’ বলা হয়, এটি টানা তৃতীয় ও শেষ সুপারমুন। আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এই বিরল সৌন্দর্য উপভোগের শেষ সুযোগ।
যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজউইকের তথ্য অনুযায়ী, চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি ‘পেরিজি’-তে পৌঁছায়, তখন সুপারমুন দেখা যায়। এ সময় চাঁদ সাধারণের তুলনায় বড় ও উজ্জ্বল প্রদর্শিত হয়।
প্রতি মাসের পূর্ণিমার চাঁদের আলাদা নাম আছে। শীতের প্রকোপ বাড়তে শুরু করার কারণে ডিসেম্বরের চাঁদকে ‘কোল্ড মুন’ বলা হয়। উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ঠান্ডা সময় শুরু হওয়ার সঙ্গে এই নামের ইতিহাস বহু শতাব্দী পুরোনো।
নাসার তথ্য অনুযায়ী, সুপারমুন সাধারণ পূর্ণিমার তুলনায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়। প্রতি বছর সাধারণত তিন থেকে চারটি সুপারমুন দেখা যায়। এবারের টানা তিনটি সুপারমুন হয়েছিল—অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর।
ডিসেম্বরের সুপারমুন সর্বোচ্চ আলোকিত অবস্থায় থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (ইস্টার্ন টাইম), যা বাংলাদেশ সময় ৫ ডিসেম্বর সকাল ৫টা ১৪ মিনিটে।
দেখার জন্য কোনো বিশেষ উপকরণের প্রয়োজন নেই; খালি চোখেই চাঁদের সৌন্দর্য উপভোগ করা যাবে। তবে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের গর্ত, খাঁজ ও পৃষ্ঠের নকশা আরও স্পষ্ট দেখা যায়। খোলা প্রান্তর বা ছাদ থেকে আকাশ পরিষ্কার থাকলেই সুপারমুন দেখা সম্ভব।
এই ডিসেম্বরের শেষ সুপারমুন আকাশে একটি অসাধারণ দৃশ্য উপহার দেবে। তাই সুযোগ পেলে আকাশের দিকে তাকিয়ে এটি উপভোগ করতে ভুলবেন না।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ