লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পচাভান্ডার সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া (৩০) পচাভান্ডার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তাঁর লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান করেছে।
লালমনিরহাট ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুম বলেন, বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সবুজ মিয়ার লাশ ভারতের পশ্চিমবঙ্গের মাথাভাঙ্গা থানার হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে।
স্থানীয়দের মতে, নিহত সবুজ মিয়া ও কয়েকজন ব্যক্তি গরু আনতে গিয়ে সীমান্তের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করেন। এ সময় ভারতের ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফ টহল দল তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া নিহত হন, অন্যরা পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা তাঁর লাশ সঙ্গে নিয়ে চলে যান।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ