বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাত অথবা আগামীকাল সকাল পর্যন্ত লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের নেতারা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা এ তথ্য জানান।
এরইমধ্যে কাতারের আমিরের বিমান ‘কাতার এয়ার অ্যাম্বুলেন্স’ খালেদা জিয়াকে বহন করার জন্য প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের অনুমতি পেলেই বিমানটি বাংলাদেশে পাঠানো হবে।
খালেদা জিয়ার সঙ্গে মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শমীলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, এবং চিকিৎসক ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়া সফরসঙ্গী হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।
দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখসহ নানা জটিলতায় ভুগছেন। গত ৫ আগস্ট ২০২৪ সালে গণ–অভ্যুত্থানের পর মুক্তি পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং ১১৭ দিন পর ৬ মে দেশে ফেরেন।
এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হচ্ছিল। সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়, এবং পরবর্তী ১২ দিন ধরে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দলের শীর্ষ নেতারা তার স্বাস্থ্য সংকটাপন্ন অবস্থার কথা জানাচ্ছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ