বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, ভোটকেন্দ্র, বুথ এবং ভোটগ্রহণের সময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে তাদের আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি ব্যালট ব্যবহার করা হবে—যা তুলনামূলকভাবে সময়সাপেক্ষ। বিএনপি চায় সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। কিন্তু অনেক কেন্দ্রেই ভোটারের সংখ্যা অতিরিক্ত হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। ইসি জানিয়েছে, রোববারের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
তিনি জানান, ভোটকেন্দ্র, বুথ বৃদ্ধি এবং ভোটের সময় বাড়ানো যায় কিনা—এসব বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ভোটারদের কোনো ধরনের ভোগান্তি না হয় এবং প্রত্যেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
ব্যালট পেপার কোনো প্রাইভেট বা বেসরকারি প্রেসে ছাপানো না হয়—এ ব্যাপারেও নির্বাচন কমিশনকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
নজরুল ইসলাম খান আশা প্রকাশ করে বলেন,
চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে এসে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবেন বলে বিএনপি বিশ্বাস করে।
তিনি আরও বলেন, বিএনপি চায় নির্ধারিত সময় অনুযায়ী তফসিল ঘোষণা হোক। তফসিল পেছালে ভোটও পিছিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অনিবার্য কারণ ছাড়া ভোট প্রক্রিয়া থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা দলের নেই বলেও মন্তব্য করেন তিনি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলেও জানান নজরুল ইসলাম খান।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ