সাভারের আশুলিয়ায় বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণ, যৌন সহিংসতা, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার চার শিক্ষার্থীর মধ্যে তিনজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে দু’জনের তিন দিন করে ও একজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে পাঠানো শিক্ষার্থীরা হলেন—ভুক্তভোগীর সহপাঠী তাজুল ইসলাম তাজ ও শ্রাবণ সাহা উৎস (প্রতি জন তিন দিন), এবং সিনিয়র শিক্ষার্থী অন্তু দেওয়ান (দুই দিন)।
অন্য আসামি দেলোয়ার ভূঁইয়ার রিমান্ড শুনানির তারিখ আগামী রোববার ধার্য করা হয়েছে। বুধবার আশুলিয়ার ফুলেরটেক এলাকার একটি মেস থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
আদালতে হাজিরের পর দেলোয়ার ভূঁইয়া শুরুতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানালেও পরে তা দিতে অস্বীকৃতি জানান।
তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক সফিকুল ইসলাম সুমন প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তিনজনের রিমান্ড মঞ্জুর করেন এবং দেলোয়ারের শুনানি পিছিয়ে দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে ছাত্রীটিকে ফুলেরটেক এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে তাকে অচেতন করে একটি মেসে নিয়ে যৌন সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। জ্ঞান ফেরার পর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া ও অ্যাসিড নিক্ষেপের হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন ধাপে মোট ৯৬ হাজার টাকা আদায় করা হয়।
গত ৪ ও ৬ নভেম্বর আবারও চাপ সৃষ্টি ও হুমকির ঘটনা ঘটে। একপর্যায়ে তাকে মারধর ও জোরপূর্বক নেশাজাতীয় পানীয় খাওয়ানোরও অভিযোগ রয়েছে। পরে অসুস্থ অবস্থায় ক্যাম্পাসে প্রবেশ করলে তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরে পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানালে আসামিরা আরও হুমকি দেয়। সর্বশেষ ২৬ নভেম্বর একটি কক্ষে আটকে রেখে অভিযোগ প্রত্যাহারের চাপ সৃষ্টি করা হয়। পরে ২ ডিসেম্বর ছাত্রীটি আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ