নড়াইলের লোহাগড়ায় বন্ধুদের সঙ্গে ক্যারম খেলতে বেরিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর তাজিম মোল্যা (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে আমডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে হবিবার মৃধার বাড়ির পুকুরপাড় থেকে মরদেহটি পাওয়া যায়। ঘটনাটি তদন্তে তাজিমের তিন বন্ধুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত তাজিম মোল্যা উপজেলার চর-আড়িয়ারা গ্রামের সৌদি প্রবাসী শহিদুল মোল্যার ছোট ছেলে। তিনি আমডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় তাজিম বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ের পাশের একটি দোকানে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিলেন। রাত হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুকুরপাড়ে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে মরদেহটি তাজিমের বলে শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদের জন্য তার তিন বন্ধু—ইব্রাহিম, শিপন ও ইনজামুলকে আটক করেছে পুলিশ।
হঠাৎ এ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীও ঘটনাটি মেনে নিতে পারছেন না। স্বজনদের অভিযোগ, তাজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, মরদেহের সুরতহালে পা ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি খতিয়ে দেখতে তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ