বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিএনপির একাংশের আচরণে একদিনেই দলের ১০ লাখের বেশি ভোট কমেছে। তিনি আরও উল্লেখ করেন, যে দল ক্ষমতায় আসে, পুলিশ সেই দলের দালালি করে। এই অবস্থা চলতে থাকলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সোমবার (৮ ডিসেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফুয়াদ বলেন, “বিএনপির রাজনৈতিক অঙ্গনে ছোট একটি অংশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই আচরণ করছে। যদি দল এদের চিহ্নিত না করে প্রতিহত না করে, তাহলে আগামী নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়ার পাশাপাশি দিনে দিনে দলের ভোটও কমতে থাকবে। এভাবে চললে এদেরও ফ্যাসিস্টদের মতো পরিণতি হবে।”
তিনি আরও বলেন, “দুই দিন আগে মুলাদী উপজেলায় একটি অনুষ্ঠানে এলজিডি সচিব, জেলা প্রশাসক ও জেলা পুলিশের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। কিন্তু বিএনপির রাজনৈতিক অঙ্গনের একাংশ সেই অনুষ্ঠানও পণ্ড করেছে।”
মীরগঞ্জ সেতুর বিষয়ে ফুয়াদ জানান, “সেতু নির্মাণের জন্য যে চীনা কোম্পানি টেন্ডার পেয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে যোগাযোগের ভাষা চীনা কোম্পানিকে সন্তুষ্ট করতে পারেনি। বিষয়টি নিয়ে আমি কথা বলেছি, কিন্তু কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ করিনি।”
নিজের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে আমাকে ঘুষি মারার চেষ্টা করা হয়েছে এবং হেনস্তা করা হয়েছে। গত দুই মাস ধরে আমার ক্যাম্পেইনে নেতাকর্মীদের মারধর করা হচ্ছে, তবুও প্রশাসন কোনো সহযোগিতা করছে না।”
উল্লেখ্য, রোববার (৭ ডিসেম্বর) বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা ফুয়াদকে উদ্দেশ্য করে ‘ভুয়া’ স্লোগান দিতেও বাধা দেন এবং তাকে লাঞ্ছিত করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ