ফেনী সদর মডেল থানার পাশের রাজাঝির দিঘি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে দিঘির নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মচারী মাছের খাবার দিতে গিয়ে পানিতে ভাসমান লাশটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর। তাঁর পরনে ছিল শার্ট, লুঙ্গি ও মাফলার।
দিঘির নিরাপত্তাকর্মী মো. শাহীন প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতে মাছের খাবার দেওয়ার বিষয়টি আমি তদারকি করি। গত রাতে দিঘির পশ্চিম পাড়ে হাঁটার সময় লাশটি চোখে পড়ে। এরপর আমি পুলিশকে খবর দিই।’
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ