মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা। এতে অন্তত ৩১ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা এক ত্রাণকর্মী। খবর এএফপি।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তসংলগ্ন রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে বিমান থেকে বোমা বর্ষণ করা হয়।
নির্বাচন সামনে রেখে দেশজুড়ে বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল পুনর্দখলের জন্য তীব্র অভিযান চালাচ্ছে জান্তা সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় হাসপাতালটিতে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ত্রাণকর্মী ওয়াই হুন অং এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করে জানান, এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য মিলেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন কমপক্ষে ৬৮ জন।
রাতে হাসপাতালের বাইরে সাদা কাপড়ে ঢাকা লাশ এক সারিতে পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় সামরিক জান্তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাখাইন রাজ্যের বেশিরভাগই বর্তমানে আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে। জাতিগত সংখ্যালঘু এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি অং সান সু চির বেসামরিক সরকার পতনের অনেক আগেই সক্রিয় ছিল।
বুধবার রাতে আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগ জানায়, রাত ৯টার দিকে হামলায় হাসপাতালে ভর্তি ১০ জন রোগী ঘটনাস্থলেই মারা যান।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ