দেশের সব রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা মূলত বাংলাদেশের ওপরই হামলা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ১০ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। হামলার ধরন দেখে স্পষ্ট—এটি একজন পেশাদার খুনির কাজ। হাদি এখন মৃত্যুশয্যায়। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন।’
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তবে এমন কোনো বিতর্কে জড়াব না যাতে ঐক্য নষ্ট হয়। আমাদের চেতনা জুলাই গণ-অভ্যুত্থানের।’
যারা দেশে নির্বাচন চায় না এবং গণতান্ত্রিক উত্তরণে বিশ্বাস করে না, তারাই এই হামলার পেছনে রয়েছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এই অপশক্তি দেশের ভেতরেও আছে, বাইরেও আছে। কিন্তু এ ধরনের হামলা করে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা যেকোনো মূল্যে একটি অর্থবহ, বিশ্বাসযোগ্য ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করবো।’
রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, জনআকাঙ্ক্ষার ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে গণসংযোগে বিএনপি মনোনীত প্রার্থীকে গুলি করার ঘটনার পরও যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। দোষীদের আইনের আওতায় আনা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার সাহস তারা পেত না।’
ভবিষ্যতেও এমন হামলার আশঙ্কা উড়িয়ে না দিয়ে সালাহউদ্দিন বলেন, ‘এক্ষেত্রে সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও জনগণের সম্মিলিত দায়িত্ব রয়েছে। সবাই মিলে সচেতন হলে এসব সহিংসতা প্রতিরোধ করা সম্ভব।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘তার নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে সরকারকে আহ্বান জানানো হবে এবং দলীয়ভাবেও সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হবে।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ