বাংলাদেশের দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না—যে নামেই তারা পরিচিত হোক না কেন।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। গত ১৭ বছর ধরে যেসব ব্যক্তি নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী কিংবা সাংস্কৃতিক কর্মীর পরিচয়ে নতুনভাবে সক্রিয় হচ্ছে।’
ওসমান হাদির জন্য দোয়া চাওয়ার বিষয়টিকে সামগ্রিক ব্যর্থতার প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, ‘হাদি দেশকে ইনসাফের পথে নিতে চেয়েছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে দেউলিয়া হয়ে গেছে। এখন আওয়ামী লীগের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হচ্ছে।’
দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, পেশাজীবী কিংবা বুদ্ধিজীবীর মাধ্যমে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।
তিনি আরও বলেন, ‘গুলশানে জাতীয় পার্টির নামে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের সময়ে তাদের বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না।’
রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনি যে মতাদর্শেরই অনুসারী হন না কেন, একটি জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে দেউলিয়া হয়ে গেছে এবং আওয়ামী লীগের সঙ্গে আপস করছে।’
আওয়ামী লীগ ও ভারতকে বাংলাদেশের শত্রু উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জানি কারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ক্ষমতায় যেতে চায়। সীমান্তের ওপার বা অন্য কোনো দেশ থেকে নয়—বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে এ দেশের মানুষের ভোটে।’
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘হামলা শুধু হাদির ওপর হয়নি, এটি দেশের ওপর, জুলাই বিপ্লবের ওপর এবং আমাদের সার্বভৌমত্বের ওপর হামলা। হাদির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের সফল হতে দেওয়া হবে না।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ