প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও ১১তম গ্রেড প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বিষয়টি বেতন কমিশনের আওতাভুক্ত। কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে এ বিষয়ে সরকারের অবস্থান সংশ্লিষ্ট সব মহলে তুলে ধরা হয়েছে এবং সিদ্ধান্তের সঙ্গে যুক্ত সবার সঙ্গে আলোচনা করা হয়েছে, যেন এটি কার্যকর হয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইন্সট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, পরীক্ষা চলাকালে আন্দোলন করাটা যুক্তিযুক্ত হয়নি। তবে শিক্ষকদের দাবিকে অযৌক্তিক বলা হচ্ছে না। সরকার বিষয়টি কার্যকর করার চেষ্টা করছিল। পরবর্তীতে শিক্ষকরা বিষয়টি অনুধাবন করে আন্দোলন প্রত্যাহার করেছেন। আন্দোলনের কারণে শিক্ষার্থীদের মন খারাপ হলেও সেটি পুষিয়ে যাবে, কারণ পুনরায় পরীক্ষা নেওয়া হচ্ছে।
নতুন বই বিতরণ প্রসঙ্গে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রায় সব পাঠ্যবই ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে গেছে। আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে সব বই সরকারের হাতে এসেছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে উপদেষ্টা বলেন, শিক্ষক হওয়ার আগেই বিশেষ প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী জানুয়ারি থেকে শুরু হবে। আগে দেশে এ ধরনের ব্যবস্থা ছিল না। যারা শিক্ষা পেশায় আগ্রহী ও শিক্ষক হতে চান, তারা ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ কোর্স সম্পন্ন করবেন। এতে তারা পেশাগতভাবে দক্ষ হবেন এবং শিক্ষা খাতে নিবেদিতপ্রাণ শিক্ষক পাওয়া যাবে, যা সামগ্রিকভাবে ইতিবাচক ফল বয়ে আনবে।
শিক্ষক নিয়োগের যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, যেসব দেশ শিক্ষায় ভালো করছে—হোক তা আমাদের মতো আয়ের দেশ কিংবা উচ্চ আয়ের দেশ—সেসব দেশে প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য প্রাক-যোগ্যতা ও বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়। অনেক দেশে শিক্ষকতার আগে লাইসেন্স নিতে হয়। যেমন, চিকিৎসকদের এমবিবিএস পাসের পর বিএমডিসি থেকে লাইসেন্স নিতে হয়। একইভাবে অদূর ভবিষ্যতে আমাদের দেশেও শিক্ষকদের জন্য লাইসেন্স পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে।
নেপ সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির পরিচালনায় ২০২৬ সালের জানুয়ারি থেকে ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ প্রোগ্রাম চালু করা হবে। পাইলটিং ভিত্তিতে দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) এ কার্যক্রম শুরু হবে। পিটিআইগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, জয়দেবপুর, দিনাজপুর ও বগুড়া। ১০ মাস মেয়াদি এই কোর্সটি হবে অনাবাসিক ও বৈকালিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ