পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, ভোরের দিকে উপজেলা নির্বাচন অফিসের দোতলার একটি জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। পাশের একটি ভবন থেকে লাঠির সঙ্গে গামছা বেঁধে তাতে পেট্রোল লাগিয়ে আগুন ভেতরে নিক্ষেপ করা হয়। এতে গামছাটি পুড়ে ছাই হয়ে মেঝেতে পড়ে থাকে। তবে অফিসে লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়।
উপজেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার বলেন, ‘আমি রাত ২টার দিকে ঘুমিয়ে পড়ি। শুরুতে আগুনের বিষয়টি টের পাইনি। বুঝতে পারলে ৯৯৯-এ কল দিতাম। পরে বিষয়টি নজরে এলে কর্তৃপক্ষকে জানাই।’
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে আমাদের কোনো ছুটি নেই। গতকাল রাত ১১টার দিকে অফিসের কাজ শেষ করে বাসায় যাই। সকালে অফিসে এসে এ অবস্থা দেখি। তবে অফিস বা কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই হয়তো একটি মহল এ ধরনের ঘটনা ঘটাতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে নিরাপত্তা জোরদারের অনুরোধ করেছি।’
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, ‘ভবনের পেছনের থাই গ্লাসের জানালা কৌশলে খুলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে দ্রুত বিষয়টি ধরা পড়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ