গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ মো. ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা ফিরে এলেও তার সার্বিক শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে মেডিকেল বোর্ডের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য শরিফ মো. ওসমান হাদিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় সার্জিক্যাল হস্তক্ষেপ ইতোমধ্যে সম্পন্ন হওয়ায় বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, রোগীর ফুসফুসে আঘাত রয়েছে। চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত বের হওয়ায় সেটি আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত থাকবে।
কিডনির কার্যক্ষমতা বর্তমানে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে উল্লেখ করে বলা হয়, এটি বজায় রাখতে পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে পরিচালনা করা হচ্ছে। আগে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল, তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান দেওয়া হচ্ছে।
ব্রেন স্টেম ইনজুরির কারণে রোগীর রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে বলে জানানো হয়। রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সাপোর্ট অব্যাহত রয়েছে। হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম প্রস্তুত রয়েছে।
মেডিকেল বোর্ড বিবৃতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও সাপোর্ট স্টাফদের পেশাদার ও মানবিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে রোগীর সামগ্রিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই মেডিকেল সামারি রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে জানানো হয়েছে। তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে বিষয়টি অবহিত করতে পারেন। একই সঙ্গে শরিফ মো. ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে বলা হয়, কোনো ধরনের ভিজিটর অনুমোদিত নয়। বিভ্রান্তিকর বা অনুমানভিত্তিক তথ্য প্রচার থেকে বিরত থেকে মেডিকেল বোর্ডের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ