পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তালতলায় অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে পাঁচটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তালতলায় নুরু ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরু ঢালীর টিনশেড চারটি বসতঘরে প্রথমে আগুন লাগে। আগুন লাগার পর স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পটুয়াখালী থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও একটি ঘরে। ফলে মোট পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন রিকশাচালক জাফর ও মামুন এবং গৃহকর্মী শাহানাজসহ পাঁচটি পরিবারের সদস্যরা।
ক্ষতিগ্রস্তরা জানান, সকালে সবাই ঘরে তালা দিয়ে নিজ নিজ কাজে বের হয়েছিলেন। ফিরে এসে দেখেন তাদের দীর্ঘদিনের জমানো স্বপ্ন ও সহায়-সম্বল সবই আগুনে পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
বাড়ির মালিক নুরু ঢালীর স্ত্রী বলেন, ‘অনেক কষ্ট করে পাঁচটি ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছিলাম। ওই ভাড়ার টাকায় আমাদের সংসার চলত। আজ আগুনে সব শেষ হয়ে গেছে।’
পটুয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক বিল্লাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ