গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স রওনা দেয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, হাদিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে দিতে স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত রয়েছেন।
এর আগে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকেই আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে।
এদিকে, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার এক আত্মীয় মামলার বাদী হন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।
এই ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন আটজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, সীমান্ত দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও আরও একজন নারী রয়েছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ