ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনের সামনে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
মিছিলটি ক্যাম্পাস থেকে দোয়েল চত্বরে পৌঁছালে প্রথম দফায় পুলিশের বাধার মুখে পড়ে। বাধা উপেক্ষা করে এগোলে হাইকোর্ট রোডের সামনে দ্বিতীয় দফায় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হয় মিছিলকারীরা। পরে সচিবালয়ের সামনে শিক্ষা ভবনের কাছে পুলিশের তৃতীয় ব্যারিকেডে গিয়ে মিছিলটি থেমে যায়।
এ সময় ভিপি সাদিক কায়েম বলেন, ওসমান হাদির ওপর হামলায় যারা সরাসরি জড়িত এবং যারা এ ঘটনার পেছনে পরিকল্পনায় ছিল— সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের নেতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে প্রবেশ করে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ