নিজ বাড়ি থেকে ১১ ডিসেম্বর মালয়ালাম অভিনেতা অখিল বিশ্বনাথের ঝলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৩০ বছর। মনোরমা অনলাইনের প্রতিবেদনের বরাতে পিংকভিলা জানায়, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। অভিনেতার মা তাকে বাড়িতে মৃত অবস্থায় দেখতে পান।
অখিল বিশ্বনাথের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্মাতা সানাল কুমার শশীধরন, অভিনেতা জোজু জর্জসহ মালয়ালাম চলচ্চিত্র অঙ্গনের একাধিক সহকর্মী।
অভিনেতা মনোজ কুমার এক শোকবার্তায় লিখেছেন, ‘তুমি কী করেছ, অখিল?’
নির্মাতা সানাল কুমার শশীধরন বলেন, ‘অখিলের আত্মহত্যার খবর হৃদয়বিদারক। তিনি অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন পার করে সিনেমায় এসেছিলেন। মালয়ালাম সিনেমায় অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে “চোলা” সিনেমাটিই যথেষ্ট ছিল। এখনো বিশ্বাস করতে পারছি না যে সে আত্মহত্যা করেছে। আমি গভীরভাবে দুঃখিত। এই অকাল মৃত্যুর কারণ কী, তা বুঝে উঠতে পারছি না।’
অভিনেতা জোজু জর্জও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে, অখিলের মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শিশুশিল্পী হিসেবে শোবিজে ক্যারিয়ার শুরু করা অখিল বিশ্বনাথ পরে ‘চোলা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটি দর্শকপ্রিয়তা অর্জনের পাশাপাশি বাণিজ্যিকভাবেও সফল হয়। অসাধারণ গল্প ও অভিনয়ের জন্য সিনেমাটি ২০১৯ সালে রাজ্য চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এ ছাড়া ‘অপারেশন জাভা’সহ আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ