যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (আজ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মাজহারুল ইসলাম গত মঙ্গলবার খাদিজার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে সেদিন মামলার মূল নথি না থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং মূল নথি উপস্থাপনের পর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
নির্ধারিত দিনে বৃহস্পতিবার খাদিজাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে এবং আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত খাদিজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তাঁর মেয়ে খাদিজা ইয়াসমিন এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তারে আরিফ সিকদারকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। এ প্রেক্ষাপটে সুব্রত বাইন ও খাদিজার প্রত্যক্ষ প্ররোচনা ও পরিকল্পনায় আরিফকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। খাদিজার সম্পৃক্ততার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সহক্রীড়া সম্পাদক ছিলেন। গত ১৯ এপ্রিল রাতে হাতিরঝিল থানাধীন দি ঝিল ক্যাফের সামনে তাঁকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে আরিফের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে কুষ্টিয়া শহর থেকে সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়। তাঁর মেয়ে খাদিজা ইয়াসমিনকে চলতি সপ্তাহে সোমবার কুমিল্লা থেকে র্যাব গ্রেপ্তার করে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ