বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করে জানান, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর ঢাকায় অবতরণ করবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মেয়েকেও সঙ্গে নিয়ে দেশে আসবেন।
এদিন দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। ফ্লাইটটি বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
তারেক রহমানের দেশে ফেরাকে ঐতিহাসিক করে তুলতে দলের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২০২৪ সালের ৫ আগস্টের পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তিনি দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় বলে বার্তা দেন। পরে ১২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন।
এরই মধ্যে তার দেশে ফেরাকে কেন্দ্র করে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে জানানো হয়, বিমানবন্দর থেকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যাবেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শৃঙ্খলা বজায় রাখা এবং অভ্যর্থনার স্থান নির্ধারণে যাচাই-বাছাই চলছে।
সমাবেশ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঐতিহাসিক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে তারেক রহমান ১৮ মাস কারাবন্দি ছিলেন। ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার পর তিনি ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ