কুমিল্লার তিতাস উপজেলায় শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার আলোচিত ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. জামাল সিকদার (৪০)। তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-১১ জানায়, গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে তিতাস থানার শিবপুর সিকদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারের বিষয় নিয়ে বিরোধের জেরে জামাল সিকদার স্ত্রী ও কন্যাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি তার ১৭ বছর বয়সী কন্যা মারিয়া আক্তারকে মারধর করে গুরুতর আহত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে মারিয়ার নানি সুফিয়া বেগম (৭০) নাতনির অবস্থা জানতে জামালের বাড়িতে গেলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জামাল সিকদার শাশুড়িকে মারধর করেন এবং বাড়ির পাশের একটি খালে ফেলে হত্যা করেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ভিকটিমের নাতি বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ পেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব জানায়, গ্রেফতারের সময় আসামির কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ