শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কারের দাবিতে অন্তর্বর্তী সরকারকে কঠোর আলটিমেটাম দিয়েছে জুলাই মঞ্চ। খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে সরকার পতনের আন্দোলনের ঘোষণাও দেন দুই সংগঠনের নেতারা।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি হত্যাকাণ্ডে এখনো মূল অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি তাদের অবস্থান শনাক্ত করতেও ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ‘শহীদ হাদি চত্বরে’ সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হাদি হত্যাকাণ্ডের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তুচ্ছতাচ্ছিল্য করছে। তিনি বলেন, নির্বাচনের আগেই এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এ জন্য ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তে প্রয়োজনে এফবিআইকে যুক্ত করার দাবি জানান তিনি।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই মঞ্চের নেতারা অভিযোগ করেন, খুনিরা ময়মনসিংহে অবস্থান করছে—এমন তথ্য দেওয়া হলেও সরকার তা আমলে নেয়নি। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার এবং ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদির ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুরে হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় এবং সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরদিন শনিবার (২০ ডিসেম্বর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ