চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব, সমন্বয়ক, সংসদ-সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে আন্দোলনের সম্মুখসারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার প্রয়োজনে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, দেশে সাধারণ নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল, তবে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, নিরাপত্তা নিশ্চিতকরণের তালিকায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দসহ গণঅধিকার পরিষদের শীর্ষ ব্যক্তিরা রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন রাজনীতিক ও সংসদ-সদস্য প্রার্থীও গানম্যান এবং অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন।
ফ্যাসিবাদ ও আধিপত্যবিরোধী আন্দোলনে সক্রিয় শহীদ ওসমান হাদির পরিবারও বিশেষ নিরাপত্তা পাচ্ছে। হাদির এক বোনকে লাইসেন্স ও গানম্যান দেওয়া হবে, এবং পরিবারের অন্যান্য সদস্যদের সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১৫ জন রাজনীতিবিদ এবং প্রায় ২৫ জন সরকারি কর্মকর্তা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। পুলিশের আইজি বাহারুল আলম বলেন, যারা বেশি ঝুঁকিতে আছেন তাদের জন্য একজন অস্ত্রধারী রক্ষী প্রদান করা হয়েছে। কম ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য নিরাপদ চলাফেরার পরামর্শ দেওয়া হচ্ছে।
অন্য এক পুলিশ কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তার প্রয়োজন অনুযায়ী গানম্যান ও অস্ত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে সব আবেদন পূরণ করা সম্ভব নয়। বিশেষ করে যারা পাবলিক যানবাহন বা রিকশায় চলাচল করেন, তাদের জন্য গানম্যান দেওয়া জটিল।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ