তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারের প্রধান লক্ষ্য হলো আসন্ন গণভোটে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে প্রকৃত অর্থেই পরিবর্তনের সূচনা হয়। তিনি বলেন, এবারের গণভোট কোনো আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং এটি একটি ঐতিহাসিক সুযোগ, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার ভারসাম্য নতুনভাবে নির্ধারণের পথ তৈরি হবে।
আজ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, কিছু মহল জনমত বিভ্রান্ত করতে বেআইনি কর্মকাণ্ডে জড়াচ্ছে, তবে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, গণভোটের মাধ্যমে সংস্কার কার্যক্রম সফল করতে হলে ব্যাপক জনসম্পৃক্ততা অপরিহার্য। সাধারণ মানুষের কাছে পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং এর ইতিবাচক প্রভাব স্পষ্টভাবে তুলে ধরা হবে। তিনি জানান, দেশের সব জেলা ও উপজেলার জন্য বিস্তারিত প্রচার ক্যালেন্ডার প্রণয়ন করা হবে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজ প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ে এই প্রচারণা পরিচালিত হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে ‘দেশের চাবি, আপনার হাতে’ শিরোনামে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন করেন। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ভোটের গাড়ির ফিতা কাটেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার (প্রেস ও মনিটরিং) ইয়াকুব আলীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত পাঁচটি টেলিভিশন বিজ্ঞাপনচিত্র প্রদর্শন করা হয়। জানা গেছে, এবারের নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সারা দেশে মোট ১০টি ‘ভোটের গাড়ি’ পরিচালনা করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
এর আগে উপদেষ্টা হামলার শিকার প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ