কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মুরগি কিনতে গিয়ে পিটুনিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (সকাল) উপজেলার সদর ইউনিয়নের দিঘিরপাড় আলগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী (৬৮) সদর ইউনিয়নের এয়াকুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যান আইয়ুব আলী। এ সময় সিরিয়াল নিয়ে মুজিবুর মিয়ার সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মুজিবুর মিয়ার ছেলেসহ কয়েকজন আইয়ুব আলীকে কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্য বাহার উদ্দিন অভিযোগ করে বলেন, সিরিয়াল নিয়ে বিরোধের জেরে মুজিবুর মিয়ার ছেলে সাব্বিরসহ তিন থেকে চারজন মিলে আইয়ুব আলীকে মারধর করে, এতে ঘটনাস্থলেই তার অবস্থা গুরুতর হয়ে ওঠে।
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই আইয়ুব আলীর মৃত্যু হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ