নির্বাচনকে সামনে রেখে জুলাইযোদ্ধাসহ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাতে পারে, তবে সরকার ও জনগণ একসঙ্গে তা প্রতিহত করবে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা বলেন, দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না। বরং দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিক সুষ্ঠু নির্বাচন আয়োজনে এগিয়ে আসবে ও সহযোগিতা করবে। তিনি দৃঢ়ভাবে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।
এর আগে তিনি সদর উপজেলার ঘটমাঝি এলাকায় রাজধানী ঢাকায় গুলিতে নিহত শহীদ মামুন সরদারের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সকালে শহরের শকুনি লেকপাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ