ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশে পাহাড়ি সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ১৯ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে একটি দাতব্য সংস্থার সদস্যরাও অন্তর্ভুক্ত ছিলেন।
ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) ২৯ আসনের বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে নিচে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং মারাত্মকভাবে বিধ্বস্ত হয়।
স্থানীয় ফিন হো কমিউনিটির চেয়ারম্যান হোয়াং আন তুয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রেক বিকল হয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সামরিক বাহিনীর সদস্য এবং স্থানীয় উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাস থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন যাত্রী আটকে থাকার আশঙ্কা রয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বাসটি কেটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার কাজে স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
ইয়েন বাই প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে উদ্ধারকর্মীদের নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ