রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৪) ও অন্তরা (২২) নামে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
রোববার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক।
পুলিশ জানায়, নিহত অন্তরার বাড়ি নেত্রকোনা জেলায়। অপরদিকে নাজমুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের নূরনবীর ছেলে। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন।
এসআই আব্দুর রাজ্জাক বলেন, শনিবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে নাজমুল ও অন্তরা রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়।
তিনি জানান, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অন্তরা মারা যান। গুরুতর আহত অবস্থায় নাজমুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। নাজমুল ইসলাম সেখানে কোয়ালিটি সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ আরও জানায়, অন্তরার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নাজমুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নাজমুল ইসলামের ভাতিজা সাকিব আলম বলেন, ‘চাচার কর্মস্থলের পাশেই রেললাইন ছিল। অফিস থেকে বাসায় ফেরার সময় রেললাইন দিয়ে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটে।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ